লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় টিকা দেওয়ার পর ১১ মাস বয়সী এক শিশুর ডান পায়ে জটিলতা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার। অভিযোগের পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইউএনও।
শিশুটির নাম জায়ান ইসলাম। সে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়ে নগর পোদ্দার বাড়ির বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
পরিবারের অভিযোগ, গত ২৭ জুলাই জায়ানকে নির্ধারিত টিকা দিতে স্থানীয় একটি টিকাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে নিয়মিত টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ে, হাঁটুর কিছুটা নিচে টিকা দেন। টিকা দেওয়ার পর ওই স্থানে পোড়া, পুঁজ ও রক্তক্ষরণের মতো জটিলতা দেখা দেয় বলে পরিবারের দাবি।
শিশুটির দাদি রেহানা আক্তার বলেন, টিকা দেওয়ার পর শিশুর পায়ে জটিলতা দেখা দিলে বিষয়টি টিকা প্রদানকারীকে জানানো হয়। কিন্তু তিনি গুরুত্ব দেননি। বরং তার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে তাদের ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে টিকা প্রদানকারী শারমিন আক্তার বলেন, ‘ভুল হতেই পারে, মানুষ ভুল করে না? হাজারো ডাক্তার ভুল করে রোগী মারা যায়, কই কিছু তো হয় না। তাহলে আমার বিষয়টা নিয়ে এত মাতামাতি কেন?’
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। শিশুটির পরিবারকে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে শিশুটিকে সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে।
ভুল জায়গায় টিকা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, শারমিন আক্তার অনেক শিশুকে টিকা দিয়েছেন। এ ক্ষেত্রে ভুল হয়েছে। শিশুটিকে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে, শিশুটির পরিবারের লিখিত আবেদনের পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
তিনি বলেন, ‘শিশুর পরিবার একটি আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি বিবেচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
কেকে/ এমএস