মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে আধুনিক, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব পৌরসভায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু।
আসন্ন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেছেন, “আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে ৫ বছর নয়, মাত্র ৩ বছরে বিগত ৩০ বছরের উন্নয়ন করে দেখাবো ইনশাআল্লাহ। ব্যর্থ হলে ৫ বছর মেয়াদ পূরণের অপেক্ষা না করে পদত্যাগ করে চলে যাবো।”
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সরফরাজ আহমেদ এসব কথা বলেন।
সভায় সরফরাজ আহমেদ আরও বলেন, ‘‘শ্রীমঙ্গল শুধু একটি পৌরসভা নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। অথচ সম্ভাবনার তুলনায় শহরের নাগরিক সুবিধা ও অবকাঠামো এখনো অনেক পিছিয়ে। এই চিত্র বদলাতে চাই।’’
নিজের পরিকল্পনা তুলে ধরে সরফরাজ আহমেদ বলেন, ‘‘শ্রীমঙ্গল আয়তনে ছোট হলেও দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। তাই পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় পর্যটন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শহরের সৌন্দর্যবর্ধন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।’’
‘‘পৌরসভার সম্প্রসারণ, ময়লার ভাগাড় স্থানান্তর এবং শিশু উদ্যান দখলমুক্ত করে সেখানে একটি মানসম্মত আধুনিক পার্ক-ওয়াকওয়ে নির্মাণ—এই বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার দিতে চাই।’’
শহরের যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ, অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটি অপসারণ, ফুটপাত দখলমুক্ত করা, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সরফরাজ আহমেদ। একই সঙ্গে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণ ও পর্যটন উপযোগী করে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ‘‘শহরের সৌন্দর্য শুধু রাস্তা-ঘাট দিয়ে হয় না; নাগরিকদের জন্য নিরাপদ ফুটপাত, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত স্যানিটেশন ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে।’’
একই সঙ্গে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণ, পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি এও পর্যটনকেন্দ্রিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে সরফরাজ আহমেদ বলেন, “আমি এই শহরের সন্তান। আমি এবারই প্রথম এবং শেষবারের জন্য নির্বাচনে অংশ নিতে চাই। দ্বিতীয়বার নির্বাচন করবো না।”
তিনি আরও বলেন, “নির্বাচনে অংশ নিয়ে জয়ী না হলেও এলাকার মানুষ হিসেবে শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করে যাবো।”
ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব রুবেল আহমদের সঞ্চালনায় সভায় শ্রীমঙ্গলের বর্তমান নাগরিক সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন সাংবাদিকরা। আলোচনায় উঠে আসে শহরের পরিচ্ছন্নতা, যানজট, ফুটপাত দখল, স্যানিটেশন, রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সংরক্ষণ ইস্যু।
সাংবাদিকরা বলেন, ‘‘পর্যটননির্ভর শহর হিসেবে শ্রীমঙ্গলকে এগিয়ে নিতে হলে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা।’’
সভায় সরফরাজ আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নে তার পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সাংবাদিকরা শ্রীমঙ্গলের উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে প্রার্থীদের সুস্পষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা ও বাস্তবায়নের সক্ষমতার ওপর গুরুত্ব দেন।
কেকে/এমএ