নীলফামারী সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে গেছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের হিজাব, জায়নামাজ ও সরকারি প্রয়োজনীয় কাগজপত্রে অগ্নিসংযোগ করে।
দুর্বৃত্তরা অফিসের পেছনে নির্মাণাধীন একটি মন্দিরের বাঁশের মই টেনে এনে দেয়ালের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ওয়াই-ফাই রাউটার, অনু এবং সোলারের একটি বড় ব্যাটারি চুরি করে নিয়ে যায়। শুধু চুরিই নয়, দুষ্কৃতকারীরা শিক্ষকদের জায়নামাজ ও হিজাব পুড়িয়ে দেয়। এ ছাড়া দুটি স্টিলের আলমিরা ভেঙে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্রে অগ্নিসংযোগ করে নষ্ট করে।
ভোরে স্থানীয় লোকজন ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের ভেতরে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে প্রবেশ করেন। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরিচালনা করে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ উম্মে সালমা নাজনীন জানান, এ বিষয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল বলেন, “আমরা বিদ্যালয়ের চুরি ও অগ্নিসংযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি, যাতে দ্রুত অপরাধীরা ধরা পড়ে।”
কেকে/এমএস