বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রোক      ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টে রিট খারিজ      অবৈধ ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, একাত্ম ১১ দেশ      চেকের টাকা পরিশোধ ও আপস হলে কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় : হাইকোর্ট      
দেশজুড়ে
লোডশেডিংয়ের সুযোগে ট্রান্সফরমার চুরি, ৬৫ দিনে গায়েব ২৬টি
এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম আপডেট: ০৯.০৯.২০২৬ ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ৬৫ দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় গ্রাহকদের মধ্যে আতঙ্কের পাশাপাশি বেড়েছে ভোগান্তি। নতুন ট্রান্সফরমার স্থাপনে দীর্ঘসূত্রতার কারণে অনেক পরিবারকে দিনের পর দিন বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।

চুরির ঘটনায় থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য নির্ধারিত মূল্যের অর্ধেক টাকা গ্রাহকদের বহন করতে হয়। একই ট্রান্সফরমার দ্বিতীয়বার চুরি হলে পুরো মূল্যই গ্রাহকদের দিতে হয়। এতে নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর হঠাৎ করে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হচ্ছে।

পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাদারগঞ্জে ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ছয়টি, আগস্টে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা। সর্বশেষ ৫ সেপ্টেম্বর রাতে বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়।

সংশ্লিষ্টদের ধারণা, ট্রান্সফরমারের ভেতরে থাকা মূল্যবান তামার তার ও কয়েল ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে এসব চুরি করা হচ্ছে। বর্তমানে ৫ কেভিএ ক্ষমতার একটি ট্রান্সফরমারের দাম ৬৩ হাজার ৩৪৫ টাকা, ১০ কেভিএ ৯০ হাজার ১২৫ টাকা, ১৫ কেভিএ ১ লাখ ২ হাজার ৯৮০ টাকা এবং ২৫ কেভিএ ট্রান্সফরমারের দাম প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা। এসব মূল্যের অর্ধেক অর্থ জোগাড় করাও দরিদ্র গ্রাহকদের জন্য কঠিন হয়ে পড়েছে।

মাদারগঞ্জ পৌরসভার গ্রাবেরগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রাসেল আহমেদ জানান, গত ২৯ আগস্ট তাদের ট্রান্সফরমারটি চুরি হয়। প্রকল্পের অধিকাংশ বাসিন্দা নিম্ন আয়ের হওয়ায় নতুন ট্রান্সফরমারের অর্ধেক টাকা জোগাড় করা সম্ভব হয়নি। ফলে প্রকল্পের অন্তত ৪০টি পরিবার এখনো বিদ্যুৎহীন রয়েছে।

একই পরিস্থিতি জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায়। সেখানে গত শুক্রবার ট্রান্সফরমার চুরির পর তিন দিন ধরে বিদ্যুৎহীন রয়েছেন বাসিন্দারা।

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে বিদ্যুৎ বিভাগের ভেতরের কোনো চক্রের সম্পৃক্ততা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, লোডশেডিং কখন হবে এবং কতক্ষণ থাকবে—এ তথ্য জেনেই চোরেরা ট্রান্সফরমার থেকে কয়েল খুলে নিচ্ছে বলে তাদের ধারণা। এ কারণে বিদ্যুৎ বিভাগের সাবেক বা বর্তমান কোনো কর্মকর্তা-কর্মচারী এই চক্রের সঙ্গে জড়িত কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন ট্রান্সফরমার চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, “চলতি বছরে মোট ২৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর সিংহভাগই ঘটেছে গত দুই মাসে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “চোরচক্রকে আইনের আওতায় আনতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ দল মাঠে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “ট্রান্সফরমার চুরির ঘটনা সম্প্রতি অনেক বেড়েছে। চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এলাকাবাসী এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে সম্মিলিত ও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

দীর্ঘদিনেও চোরচক্রের কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় দুঃখ প্রকাশ করে ইউএনও বলেন, “ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ এবং লোডশেডিংয়ের সময়সূচির বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। এ ঘটনায় পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  লোডশেডিং   ট্রান্সফরমার চুরি   মাদারগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close