মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      
খোলাকাগজ স্পেশাল
সহিংসতার পথে আওয়ামী লীগ
রোকন উদ্দিন
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সহিংসতার পথ বেছে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা। দেশে থাকা দলটির নেতাকর্মীরা এর আগে ঝটিকা মিছিল করলেও এখন আগুন-সন্ত্রাসের পথে হাঁটছেন। সম্প্রতি দলের শীর্ষ সাতজন নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির দণ্ড দেন। এর প্রতিক্রিয়ায় কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর থেকেই রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বাস ও ট্রেনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করছেন নেতাকর্মীরা।

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দলের শীর্ষস্থানীয় অনেক নেতা আত্মগোপনে চলে যান। অনেকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি আছেন। এ পরিস্থিতিতে যখন দলটির পুনর্গঠন বা পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, তখনই তারা দেশ ও দেশের সাধারণ মানুষের কথা ভুলে আগুন-সন্ত্রাস শুরু করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে হাজারও মানুষের রক্তে রঞ্জিত তাদের হাত। সেখানে অনুতপ্ত না হয়ে আবারও সেই দেশের মানুষের জীবন নিয়েই রক্তের খেলা শুরু করেছেন তারা। 

অতিসম্প্রতি রাজধানীর একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ জনমনে উদ্বেগ বাড়িয়েছে। এসব কর্মকাণ্ডের পেছনে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ভারত থেকে সহিংসতার নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে। দেশে থাকা ব্যবসায়ী, পুলিশসহ বিভিন্ন মহল থেকে সহিংসতায় উসকানি দেওয়া হচ্ছে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকটা নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি ভারতে অবস্থানরত দলটির সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন কৌশলে সংগঠিত হওয়ার অপচেষ্টা করছে নেতাকর্মীরা। 

শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তার প্রত্যাবর্তনের ঘোষণাকে ঘিরেই দলটি রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাছাড়া অতিসম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড (সর্বোচ্চ সাজা) দেন। এর প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। দলীয় সূত্র ও দলটির নেতাকর্মীদের সাম্প্রতিক তৎপরতায় বিষয়গুলো সামনে আসছে।

এছাড়াও সাজার রায় ঘোষণার পর গত কয়েকদিনে রাজধানীতে ট্রেন ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এসব নাশকতা সৃষ্টির পেছনে আওয়ামী লীগের হাত রয়েছে বলে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চালিয়ে ধরপাকড় করছে তারা। সরকারও এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছে। আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।    

বিদেশ থেকে আ.লীগ নেতাদের নির্দেশে সহিংসতা

সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ভারত থেকে সহিংসতার নির্দেশনা দেওয়া এবং দেশে বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ উঠেছে। গত কয়েকদিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ জনমনে উদ্বেগ বাড়িয়েছে। এসব নাশকতা আওয়ামী লীগের পক্ষ করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধ আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে রাতের অন্ধকারে দু-একটি জায়গায় ককটেলবাজি করা হয়েছে। বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।’ 

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ভারত থেকে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হচ্ছে। এ ঘটনায় দলটির নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। 

ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। 

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আবদুর রহমান (৫৫) দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাজ্জাদ হোসেন মুন্না (৩২) দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। 

ককটেল বিস্ফোরণ, ট্রেন-বাসে আগুন :

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি কোচে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, আগুনে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি কোচ পুড়ে গেছে। আলামত দেখে মনে হচ্ছে পেট্রোল বা গান পাউডার ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। 

এদিন বেলা ১টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বলেন, আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। আগেরদিন শনিবারও সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ৩টি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হন। 

এদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে থানার সামনে জব্দ করা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। গত শুক্রবার রাজধানীর অন্তত ৯টি জায়গায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরপরই রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকায় ২০০টির বেশি তল্লাশিচৌকি বসানো হয়। বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। গতকাল দুপুরে সমাবেশে বক্তারা বলেন, দেশের যে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিন কুড়িগ্রামেও ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আগের দিন রোববার আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। রোববার কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিএনপি। 

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আ.লীগের সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের দৃঢ় অবস্থান গ্রহণ নিতে হবে। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। রোববার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়াম এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে: রিজভী

সরকারের জনস্বার্থমূলক উদ্যোগগুলো থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সেখানে পতিত স্বৈরাচার থাকতে পারে। আলামত দেখে মনে হচ্ছে নতুন দোসররাও ভূগর্ভস্থ কোনো গোপন কক্ষে বোধ হয় হাত মেলাচ্ছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সহিংসতা   আওয়ামী লীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close