বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে। আর রাজাকারা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাসকূপও খনন করেনি। আমরা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করব, যাতে করে আমরা আরও বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাছাড়া জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে আমাদের সকল সেক্টরের বিল্ডিংয়ের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা করতে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা কারও ওপর নির্ভর করতে চাই না।’
তিনি আরও বলেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে। নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ওষুধ ও মেশিন আনা হচ্ছে। কেউ দালালের খপ্পরে পড়ে মায়েদের সিজারের দিকে নিয়ে যাবেন না। আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। যারা টিকা নেননি, সবাই গিয়ে বাচ্চাদের টিকা নেবেন।
এ সময় বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
কেকে/ এমএস