শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালী নিয়ে শর্ত, পরমাণু ইস্যুতে অনড় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এমনকি যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব মেনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সম্মত হলেও তেহরান তার পরমাণু কর্মসূচিতে নমনীয়তা দেখাবে না।

শুক্রবার (২৫ সেপ্টম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা এসব কথা বলেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, তেহরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে প্রস্তুত। তবে এর বিনিময়ে কয়েকটি পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার জানান, সাত দিনের মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে চলমান সংঘাত বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, দেশটির জব্দ করা অর্থ ছাড় এবং ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার নেওয়ার পর ইরানের এ প্রস্তাব সামনে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাত মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর মধ্যে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত অবসানের প্রচেষ্টায় হরমুজ প্রণালী এখন গুরুত্বপূর্ণ দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশটির অর্থনীতি চাপে রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন চায়, বিশ্ববাজারে তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নির্বিঘ্ন হোক।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটনের সঙ্গে সংঘাত অবসানের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্তগুলো পূরণ করলেই পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে প্রস্তুত তারা। তবে ওই ইরানি কর্মকর্তা বলেছেন, পরমাণু কর্মসূচির ক্ষেত্রে নিজেদের অধিকার নিয়ে কোনো ছাড় দেবে না ইরান। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়টিও রয়েছে। এগুলো যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি।

ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। তারা বিশেষ করে ইরানের ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার বিষয়টি উল্লেখ করে। বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার তুলনায় এটি অনেক বেশি এবং পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এর কতটা এখনো অবশিষ্ট রয়েছে, তা স্পষ্ট নয়।

তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সর্বোচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আরও কম মাত্রায় নামিয়ে আনতে তারা সম্মত হতে পারেন।

এর আগে মে মাসে রয়টার্স জানিয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম (এইচইইউ) বিদেশে পাঠানো যাবে না—এমন একটি নির্দেশনা দিয়েছেন। দুই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে ওই তথ্য প্রকাশ করেছিল রয়টার্স।

সূত্র: রয়টার্স 

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালী   আমেরিকা-ইরান   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close