শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      ● সোনা-রূপার দাম কমাল বাজুস      ● সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার      ● নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দ্বিপক্ষীয় বৈঠক      ● অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি      ● জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী      
রাজধানী
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ ও বিশেষ মশক নিধন অভিযান
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান (ক্লিনিং ডে) পরিচালিত হয়েছে।

ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রত্যক্ষ নেতৃত্বে অঞ্চলভিত্তিক এ অভিযান পরিচালিত হয়।

শনিবার সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘সিটি করপোরেশন সপ্তাহে সাত দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে, আর নাগরিক সমাজ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।’

এ সময় সরকারি আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে তিনি গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে প্রতি শনিবার ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একইভাবে বিশেষ ‘ক্লিনিং ডে’ পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, মশক নিধন জোরদার করা এবং নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা।

আজকের কর্মসূচিতে ডিএসসিসির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের বাসাবাড়ি, সড়ক, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় তদারকি করা হয়। তদারকির সময় জমে থাকা পানি অপসারণ এবং এডিসের লার্ভা পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে পানি জমার উপযোগী ডাব-নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত টায়ার ও ফুলের টব অপসারণ করা হয়।


অভিযানকালে এলাকাগুলোতে কার্যকর লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং প্রয়োগের পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

নাগরিকদের সম্পৃক্ত করতে আজ ৭৫টি ওয়ার্ডেই একযোগে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এসব র‍্যালি থেকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গুর ঝুঁকি থেকে নগরীকে মুক্ত রাখতে ডিএসসিসি কর্তৃপক্ষ সব নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানিয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   ডিএসসিসি   ডেঙ্গু প্রতিরোধ   মশক নিধন অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close