ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা ও টি এন্ড টি কলোনিতে বিশেষ পরিচ্ছন্নতা, লার্ভিসাইড প্রয়োগ ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও জরুরি।’
বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
রাসিক প্রশাসক বলেন, ‘তিন মাসের কর্মসূচির আওতায় নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেনে লার্ভিসাইড ও ফগার স্প্রে এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।’
সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তাররোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এ দিকে রেলগেট এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক। কর্মসূচিতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলন।
কেকে/এআই