অসুস্থ ও আর্তমানবতার সেবায় আত্মনিয়োগের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তানজিদা আহমেদ তাকিয়া। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) অধীনে অনুষ্ঠিত ‘বিএসসি ইন নার্সিং’ কোর্সের জাতীয় লাইসেন্সিং পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
তাকিয়া মৌলভীবাজারের হোয়াইট পার্ল নার্সিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থী ছিলেন। তিনি সাউথ সিলেট কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সদস্য এবং দৈনিক জনতার শ্রীমঙ্গল প্রতিনিধি শাহাব উদ্দিন আহমদের জ্যেষ্ঠ কন্যা।
গত ২৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত এ লাইসেন্সিং পরীক্ষার ফলাফল একই দিনে কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। মোট পরীক্ষার্থী ছিলের ১ হাজার ৮৪২ জন এবং অংশগ্রহণ করেন ১ হাজার ৮৩১ জন। পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ৪০৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ
পরিবার সূত্রে জানা যায়, শৈশব থেকেই তাকিয়ার প্রবল ইচ্ছা ছিল চিকিৎসা পেশায় যুক্ত হয়ে মানুষের পাশে দাঁড়ানো। তবে করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং অ্যাকাডেমিক ব্যাঘাতের কারণে মেডিকেল ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। প্রতিকূলতায় থমকে না গিয়ে বিকল্প পথ হিসেবে নার্সিং পেশাকেই বেছে নেন এবং সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার সিদ্ধান্ত নেন। অর্জিত এ ডিগ্রির পর ভবিষ্যতে নার্সিং বিষয়ে উচ্চতর ডিগ্রি (মাস্টার্স) অর্জনের সুদৃঢ় ইচ্ছা রয়েছে তার।
নিজের এ অর্জনের সেরা কৃতিত্ব তাকিয়া তার প্রিয় বাবা-মা, পরিবার-পরিজন এবং স্বামী ও শ্বশুর-শাশুড়িকে উৎসর্গ করেছেন। পেশাগত জীবনে যেন সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবা করে বাবার মুখ উজ্জ্বল করতে পারেন, সে জন্য তিনি দেশবাসী ও সুধীজনের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
কেকে/এআই