৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্কার কমিটি সিনেমাটিকে নির্বাচনের বিষয়টি জানায়।
‘রইদ’-এর কাহিনি গড়ে উঠেছে সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্ককে কেন্দ্র করে। প্রেম, নীরবতা ও মানবিক অনুভূতির আবহে সিনেমাটিতে মানুষের চিরন্তন ও আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান।
বাংলাদেশের হয়ে অস্কারে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, ‘রইদ’-এর গল্পের মাধ্যমে বাংলাদেশের এই অঞ্চলের সংস্কৃতি, চিন্তাভাবনা ও মানুষের জীবনযাপন আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তার ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এর সুফল আরও দৃশ্যমান হতে পারে।
‘রইদ’ নির্বাচনের আগে অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্য সিনেমাগুলো নিয়ে মূল্যায়ন ও বিস্তারিত আলোচনা করেন। কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন—সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। সিনেমাগুলো হলো—নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
প্রাথমিক বাছাই শেষে চারটি সিনেমা পরবর্তী বিবেচনায় রাখা হয়। সেখান থেকে চূড়ান্তভাবে ৯৯তম অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’।
কেকে/সাশ