তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় একের পর এক সবজির দাম বাড়ছে। এতে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। তবে তুলনামূলক কম দামে পাওয়া যাওয়ায় বর্তমানে সাধারণ মানুষের ভরসার সবজির তালিকায় উঠে এসেছে কাঁচা পেঁপে।
বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য সবজির তুলনায় কাঁচা পেঁপের দাম এখনো ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। প্রতি কেজি কাঁচা পেঁপে ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে বেশি দামের সবজি এড়িয়ে অনেক ক্রেতাই রান্নায় কাঁচা পেঁপে ব্যবহার করছেন।
স্কুল শিক্ষক সুমন বলেন, ‘বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। সংসারের খরচ সামলাতে এখন কম দামের সবজিই কিনতে হচ্ছে। পেঁপে ১৫-২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, তাই অন্য সবজির বদলে পেঁপে কিনছি।’
ক্রেতা আমির বলেন, ‘আগে বাজারে অনেক ধরনের সবজি কিনতাম। এখন দাম বেড়ে যাওয়ায় বেছে বেছে কিনতে হচ্ছে। কাঁচা পেঁপে তুলনামূলক সস্তা হওয়ায় এটি নিয়েই সংসারের রান্না চালাচ্ছি।’
বিক্রেতাদের ভাষ্য, কাঁচা পেঁপের দাম তুলনামূলক কম থাকায় এর চাহিদাও বেড়েছে। এক সবজি বিক্রেতা বলেন, ‘বর্তমানে বেশির ভাগ সবজির দাম বেশি। সেই তুলনায় পেঁপে কম দামে বিক্রি হচ্ছে। তাই ক্রেতারা পেঁপে বেশি কিনছেন। ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
সবজি বিক্রেতা হোসেন বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে পরিবহনসহ বাজারের বিভিন্ন খরচ বেড়েছে। এর প্রভাব সবজির বাজারেও পড়েছে। তবে পেঁপের দাম এখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় এর বিক্রি ভালো হচ্ছে।’
কেকে/এআই