রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      
খোলাকাগজ স্পেশাল
বিক্ষোভে টলছে মোদির গদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ এএম আপডেট: ১১.১০.২০২৬ ৯:৪১ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আজও আবার যন্তর মন্তরে মার্চ করার ঘোষণা দিয়েছে। দিল্লিতে আটকের ফলে এ বিক্ষোভের প্রভাব ছড়িয়ে পড়েছে ভারতের অন্যান্য শহরেও। বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়, কলকাতা, পাটনা ও হায়দরাবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গেছে। এ বিক্ষোভের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মসনদ টলছে। ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা অব্যাহত রয়েছে। 

সিইসির পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি, সর্বভারতীয় ছাত্র সমিতিসহ অন্যান্য সংগঠনের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানী দিল্লি। গতকালের ডাকা এই বিক্ষোভ ঠেকাতে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশন বন্ধ, ২৪৫টি ট্রেন বাতিল এবং মধ্য দিল্লিতে মুঠোফোনে ইন্টারনেট সেবা স্থগিত করাসহ নজিরবিহীন নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিমানবন্দর থেকেই আটকের পর এবার দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এআইএসএ-র নেত্রী নেহা বোরাসহ আরও কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া সকালে ইউটিউবার ধ্রুব রাঠিকেও তার বাসভবন থেকে আটক করে পুলিশ। তবে নেত্রী নেহা বোরাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। এ ছাড়া অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়সহ কয়েক শীর্ষ নেতাকেও আটকের সাড়ে পাঁচ ঘণ্টা পর ছেড়ে দেয় পুলিশ।

যন্তর মন্তরের দিকে যাওয়া অন্তত ২০০ বিক্ষোভকারীকে পুলিশ আটকে দেওয়ার পর আন্দোলনকারীরা সবাইকে দিল্লি হাটের দিকে মার্চ করার আহ্বান জানান। 

আটকদের মুক্তি না দিলে অনশনে নামার আহ্বার সোনম ওয়াংচকের 

বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আজকের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন করবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। ম্যাগসাইসাই পুরস্কারজয়ী শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এক এক্স বার্তায় বলেছেন, গতকাল যখন আমি আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তির জন্য আবেদন জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলাম, তখন কল্পনাও করতে পারিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

আটকের পর মুক্তি পেলেন এআইএসএ সভাপতি নেহা বোরা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে আটক অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। গতকাল সকালে তাকে আটক করা হয়েছিল।

মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, পুলিশ তার মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে তিনি সেটি ফেরত পেয়েছেন। থানা থেকে আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

দিল্লির যন্তর মন্তরে সিজেপির নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে নেহা বোরাসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করে পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গতকাল শনিবার সকালে যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই ককরোচ জনতা পার্টি বা সিজেপির শীর্ষ তিন নেতা—অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিমান থেকেই আটক করে দিল্লি পুলিশ। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। পরে সিজেপির পক্ষ থেকে এক ভিডিও বার্তায় জানানো হয় যে অজিনক্য শিন্ডে যন্তর মন্তরের বিক্ষোভের নেতৃত্ব দেবেন।

কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ধ্রুব রাঠীকেও গুরুগ্রামের সেক্টর ৫৬-এর নিজ বাসা থেকে আটক করেছে দিল্লি পুলিশ। সিজেপির বিক্ষোভে যোগ দিতে আসা ধ্রুব রাঠীকে এই সমাবেশের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছিল।

এ ছাড়া দিল্লির বিভিন্ন স্থান থেকে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ সিপিআই(এম)-এর বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। এমনকি পাঞ্জাবের চণ্ডীগড় থেকেও আম আদমি পার্টির (আপ) নেতা মনীশ সিসোদিয়াসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে সিজেপি বলেছে, বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই নেতৃত্বকে অকার্যকর করে দিতে দিল্লি পুলিশ পূর্বপরিকল্পিতভাবে তাদের আটক করেছে। শান্তিপূর্ণ বিক্ষোভ ভণ্ডুল করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ দলটির।

বিবৃতিতে সিজেপি আরও বলেছে, এ ঘটনা চলাচলের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। দলটি অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

দিল্লির প্রতিবাদ ছড়াল ভারতের বিভিন্ন শহরে 

দিল্লির প্রতিবাদের প্রভাব ছড়িয়ে পড়েছে ভারতের অন্যান্য শহরেও। বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়, কলকাতা, পাটনা ও হায়দরাবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গেছে।
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সেখানে মিছিল শুরুর আগেই অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানেও বিক্ষোভকারীদের ওপর পুলিশি নজরদারি ও আটকের ঘটনা ঘটে। চেন্নাইয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) ও অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশনের (এআইওয়াইএফ) কর্মীরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। চণ্ডীগড়ে আম আদমি পার্টি (আপ) ও অন্যান্য দলের পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি মিছিলের ডাক দিয়েছেন। এ ছাড়া পাটনা ও হায়দরাবাদেও ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গেছে। দিল্লির ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলোও নিন্দা জানিয়েছে।

সংবিধান রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান রাহুলের 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা এক ভিডিওবার্তায় এ কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। 

কর্মসূচিকে সামনে রেখে যন্তর মন্তর এবং সেখানে যাওয়ার সমস্ত রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি যন্তর মন্তরে গণমাধ্যমকর্মীদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাজধানীর তিনটি প্রধান প্রবেশ ও প্রস্থান পয়েন্টে লাউডস্পিকারে হিন্দি ও ইংরেজিতে ঘোষণা দিয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে সমাবেশ, মিছিল ও সড়ক অবরোধের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, গতকাল সম্ভাব্য জমায়েত নিয়ন্ত্রণে তাদের নিজস্ব ১৫ হাজারের বেশি সদস্য এবং কেন্দ্রীয় বাহিনীর প্রায় ২৬ হাজার সদস্য মোতায়েন রয়েছে।

সড়কে তীব্র যানজটের আশঙ্কায় গতকাল শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সব মেইল ও এক্সপ্রেস ট্রেন তাদের শুরুর স্টেশন থেকেই বাতিল করেছে ভারতীয় রেলওয়ে। 

এর আগে, গত শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীজুড়ে অন্তত ৩০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করে বহুস্তরীয় নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। 

ভোটার তালিকা সংশোধনে জালিয়াতির অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এর আগে গত ২ অক্টোবর মুম্বাইতে বিক্ষোভ করেছিল সিজেপি।  গত ১০ মাসে এসআইআর কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও পদ্ধতির বিষয়ে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেন, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় এমন বড় ধরনের পরিবর্তন নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে থাকতে পারে।

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ভারতের নির্বাচন কমিশন। তাদের দাবি, ভোটার তালিকার এসআইআরের সমস্ত বড় সিদ্ধান্ত পুরো কমিশনের সর্বসম্মতিক্রমেই নেওয়া হয়েছিল।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিক্ষোভ   টলছে   মোদি   গদি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close