টিকিট না কেটেই ট্রেনে চড়েছিলেন। পরে ফেরার সময় টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভুলেননি। তাই বগুড়া রেলস্টেশনের কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ‘মাহী’ নামের এক যাত্রী। তার এ ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে টাকা ও চিরকুট রেখে যাওয়ার এ ঘটনা ঘটে।
চিরকুটে মাহী লিখেছেন, ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’
চিরকুটে নিজের পরিচয় হিসেবে শুধু নাম উল্লেখ করেছেন তিনি। ফলে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে বিনা টিকিটে ভ্রমণের পরও ভাড়া পরিশোধের এ উদ্যোগ রেলওয়ের দায়িত্বশীলতার বিষয়টি নতুন করে সামনে এনেছে।
এ বিষয়ে বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান বলেন, ‘যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। যদিও রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি পরিচয় জানালে আমরা তাকে ধন্যবাদ জানাতে পারতাম।’
তিনি আরও বলেন, ‘রেলওয়ে যেহেতু সবার জন্য, তাই এর যত্নেও সবার সচেতনভাবে এগিয়ে আসা উচিত।’
ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিট কাটা প্রত্যেক যাত্রীর দায়িত্ব। সেই দায়িত্ব পালনে তাড়াহুড়ার কারণে ব্যত্যয় ঘটলেও পরে তা সংশোধনের এ ঘটনা মনে করিয়ে দেয়, জনসম্পদ রক্ষায় নিয়ম মানার পাশাপাশি ব্যক্তিগত সততা ও দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ।
কেকে/এআই