‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’— প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম আজাদ, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য বজলুর রহমান খান ও প্রশিক্ষণার্থী কণিকা প্রমুখ।
সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে মেয়েদের এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিয়ে প্রতিরোধ এবং তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুরা উপযুক্ত শিক্ষা ও সুযোগ পেলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
কেকে/এআই