জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর হাইওয়ে সড়কের পাশের ঝোপ থেকে রোজিনা আক্তার (৩০) নামের গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বাট্টাজোর এলাকায় বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ দিকে ঘটনার পর থেকে তার স্বামী ইয়াকুব আলী পলাতক রয়েছেন বলে জানা গেছে।
নিহত রোজিনা আক্তার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর স্বামীর বাড়ি থেকে রোজিনা আক্তার নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এর মধ্যে সোমবার ভোরে বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে অর্ধগলিত একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করা হয়।
পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করা হয়েছে। তবে কীভাবে রোজিনার মৃত্যু হয়েছে এবং কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেকে/এআই