বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। তবে দলে জায়গা হয়নি সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফের।
চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
ঘোষিত দলে শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, চোটের ঝুঁকি এড়াতে আলজারি জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার কেমো পল।
১৫ সদস্যের এ দলের নেতৃত্ব দেবেন রোস্টন চেজ। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জোমেল ওয়ারিকান।
দলে অভিজ্ঞ পেসার কেমার রোচের পাশাপাশি রয়েছেন শামার জোসেফ ও জেইডেন সিলস। ব্যাটিং বিভাগে আছেন জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, ব্রেন্ডন কিং ও জাস্টিন গ্রিভস। উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন জশুয়া ডা সিলভা ও আমির জাঙ্গু।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
কেকে/এআই