শারদীয় দুর্গোৎসবে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করবেন তিনি। একই দিনে প্রধানমন্ত্রী রাজশাহী ও চট্টগ্রাধাে আরও দুইটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। স্থানীয় বিএনপির পক্ষ থেকেও সফর সফল করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইসরাত জাহান বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী একটি রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে। তবে তার পরিদর্শনের জন্য রাধা গোবিন্দ মন্দির ছাড়াও শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দির ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে।’
সফর সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার সকাল ৯টায় তারেক রহমান ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। এরপর প্রধানমন্ত্রী রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেবেন। বেলা ১১টার দিকে তিনি রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। এরপর তিনি আবার সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহী এবং রাজশাহী থেকে চট্টগ্রাধাের উদ্দেশ্যে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এখানকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের মধ্যে এটি একটি বিরল ঘটনা ঘটতে যাচ্ছে যে প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় দুগোৎসবে পূজামণ্ডপ দেখতে প্রত্যন্ত অঞ্চলে আসছেন।’
বলে রাখা ভালো, রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি মিলনকেন্দ্র রাধা গোবিন্দ মন্দির। এটি রংপুর ধর্মসভা মন্দির নামেও পরিচিত। এই মন্দির কেবল একটি উপাসনালয় নয়, বরং দীর্ঘদিন ধরে এটি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উৎসব, সভা-সমাবেশ এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।