শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার করতে যশোর রিজিয়নের ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসব নির্বিঘ্ন রাখতে সীমান্তবর্তী এলাকাসহ সংশ্লিষ্ট স্থানে বিশেষ নজরদারি চালাবে বাহিনীটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর পূজামণ্ডপ পরিদর্শনকালে এ তথ্য জানান বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি।
এ সময় তার সঙ্গে ছিলেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম। পরিদর্শনকালে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফলের ডালা ও নগদ অর্থসহায়তা তুলে দেন রিজিয়ন কমান্ডার।
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্পের মাধ্যমে প্রায় ২ হাজার বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রস্তুতিমূলক রেকি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
রিজিয়ন কমান্ডার আরও জানান, সীমান্তবর্তী ছয়টি জেলার প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কেকে/সাশ