কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. কিরন অর রশীদকে আহ্বায়ক এবং মো. নাদিমুজ্জামান ছোটনকে সদস্যসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার ও সদস্যসচিব মো. রবিউল মনির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
নতুন কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন স্বপন মাহমুদ আলভী। এ ছাড়া ১০ জন যুগ্ম সদস্যসচিব, মো. নাজমুল হককে সাংগঠনিক সম্পাদক এবং চারজনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে প্রথম স্থানে রয়েছেন মো. বিল্লাল হোসেন এবং দ্বিতীয় স্থানে মো. সাকিব হোসেন। বাকি ২৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে সিনিয়র যুগ্ম সদস্যসচিব স্বপন মাহমুদ আলভী বলেন, মেঘনায় এনসিপির কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা নিয়ে কাজ করাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, নতুন কমিটির সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করে জনমুখী রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা এবং মানুষের পাশে থেকে দলকে আরও সুসংগঠিত করার চেষ্টা করা হবে।
কেকে/সাশ