ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের আমেজে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হয় এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। জেলার সাতটি উপজেলায় এবার ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।
মহাষষ্ঠী উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শুরু হয় দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে নানা আয়োজন। দেবী দুর্গার আগমন ঘোড়ায়—এ নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে উৎসাহ-উদ্দীপনা।
দুর্গোৎসবকে কেন্দ্র করে বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুতি নিচ্ছেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ।
এদিকে, পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর দাশ জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের পাশাপাশি নানা উৎসবেরও আয়োজন করা হয়।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেলা সদরের রাজারমাঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, জেলার সাতটি উপজেলায় এবার মোট ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।
কেকে/সাশ