কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মোয়াজ্জেম হোসেন নামে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ অক্টোবর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুরের শান্তি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় ১৪ অক্টোবর কুলিয়ারচর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর কয়েকটি ধারায় মামলা করা হয়।
মামলাটিতে ১৫ জনের নাম উল্লেখ করে আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৯। এ ঘটনায় তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/সাশ