সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে রাজশাহীতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী সড়ক ভবন চত্বরে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু এবং রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক মো. মাইনুল হক হারু।
আলোচনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীসহ অন্যান্য শ্রমিক-কর্মচারীর বিদ্যমান সমস্যা এবং সেগুলো সমাধানের বিভিন্ন দিক উঠে আসে। কর্মক্ষেত্রে কর্মচারীদের সমস্যা চিহ্নিত করার পাশাপাশি তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন বক্তারা।
বক্তারা শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি ও অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সব পক্ষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কর্মচারীদের দীর্ঘদিনের বা বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
কেকে/সাশ