দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম (৩৩) ফের দেশের ক্রিকেটে ফিরতে চান। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলার আগ্রহ রয়েছে তার। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ায় স্থানীয় ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি প্রশিক্ষণও নিয়েছেন জাহানারা। তবে জাতীয় দলে ফেরার পথ তার জন্য সহজ নয়। ফিটনেস ও পারফরম্যান্সের পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে সুযোগ।
রফিকুল ইসলাম জানিয়েছেন, দেশের হয়ে খেলতে আগ্রহী সব ক্রিকেটারের জন্যই সুযোগ রয়েছে। তবে দলে জায়গা পেতে যোগ্যতা প্রমাণ করতে হবে।
২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন জাহানারা। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বিসিবির নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি। এ ছাড়া, অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে গ্রুপিংয়ের অভিযোগও করেছিলেন। এসব বিষয়ে বিসিবিকে ১৩ পৃষ্ঠার চিঠি দিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-২০ খেলেছেন জাহানারা। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি তিনি।
কেকে/এমএ