পাবনার ফরিদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী জিন্নাহ (৫০) নামে সার ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ডেমরা বাসস্ট্যান্ড এলাকায় বাড়াবাড়ি-টেবুনিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই লিয়াকত হোসেন বাদী হয়ে রাতে থানায় সড়ক আইনে মামলা করেছেন।
নিহত মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলার বিলচাঁন্দক গ্রামের আলহাজ মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় সার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর বাজার থেকে মোটরসাইকেলে ডেমরা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন জিন্নাহ। পথে মোকাররম হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঢাকা মেট্রো-ট-১৫-৬৩৫৫ নম্বরের ট্রাকটি আটক করেন। পরে আহত জিন্নাহকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ দুর্ঘটনা ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
কেকে/সাশ