ফরিদপুরে ইজিবাইক চালক বিশ্বনাথ সরকারকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে হত্যা এবং তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন আদালতে হত্যাকাণ্ড ও ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় পিবিআই ফরিদপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
পিবিআই জানায়, ২০২২ সালের ১৬ জুলাই রাতে পাঁচ সদস্যের একটি চক্র ২০০ টাকা ভাড়ায় তালমা যাওয়ার কথা বলে বিশ্বনাথের ইজিবাইক ভাড়া করে। পরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌঁছে তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্বনাথ।
ঘটনার দীর্ঘ তদন্তের পর গত ১৪ অক্টোবর রাতে ফরিদপুর শহরের ফলপট্টি এলাকা থেকে মুরাদ শেখকে গ্রেপ্তার করে পিবিআই। এ ঘটনায় এর আগে গ্যারেজ মালিক কামাল ও সুমন আহমেদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন আদালতে হত্যাকাণ্ড ও ইজিবাইক ছিনতাইয়ের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/সাশ