মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেছেন, দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই বাংলাদেশি। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা ভাঙচুরের মতো ঘটনাও কোনোভাবেই বরদাশত করা হবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় মাগুরার শালিখা থানা চত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শালিখা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরিচালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) দেবব্রত।
পুলিশ সুপার বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিচুর রহমান মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহাফুজুর রহমান এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস। এ ছাড়া বক্তব্য দেন শালিখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুজ্জামান চাঁদসহ অন্যরা।
এ সময় শালিখা থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন বিশ্বাস, প্রেস ক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, সাংবাদিক স্বপন বিশ্বাস, পাভেল মুন্সি, আবু হুরায়রা, নাজমুল হক ও সাইফুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ