শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
পাঁচ দিনের ছুটিতে মুখর হচ্ছে মৌলভীবাজার, ১০২২ মণ্ডপে দুর্গোৎসব
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশকে কেন্দ্র করে পর্যটকে মুখর হয়ে ওঠার অপেক্ষায় চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র। ইতোমধ্যে বিভিন্ন হোটেল ও রিসোর্টে অগ্রিম কক্ষ বুকিং ৮০ থেকে ৮৫ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। তবে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা, যানজটের আশঙ্কা এবং ট্রেনের টিকিটের সংকটে কাঙ্খিত পর্যটক সমাগম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। 

অন্যদিকে, উৎসবমুখর ও অসাম্প্রদায়িক পরিবেশে জেলার সাত উপজেলায় ১ হাজার ২২টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। উৎসব নির্বিঘ্ন রাখতে সীমান্ত এলাকা ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোর সুরক্ষায় শ্রীমঙ্গল, বড়লেখা ও জুড়ীতে সর্বমোট ২২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের কথা জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলো।

পর্যটনে সম্ভাবনা, পথে বাধা : 

পাহাড়ি টিলা, বিস্তর্ণ চা-বাগান, বনাঞ্চল ও লেকের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর ছুটির মৌসুমে  দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা উপজেলাসহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় করেন ভ্রমণপিপাসুরা। 

শ্রীমঙ্গলের চা-বাগান, বধ্যভূমি,৭১, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাইক্কা বিল, ভাড়াউড়া লেক, লাল পাহাড়, খাসিয়াপল্লি ও মণিপুরিপাড়াসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাশের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও হামহাম জলপ্রপাতেও ছুটির সময়ে বাড়তি পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের অপারেশন ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, ইতোমধ্যে ৮৫ শতাংশ বুকিং হয়েছে। পাঁচ দিনের ছুটিতে পর্যটকদের ভালো চাপ থাকবে বলে তাঁরা আশাবাদী। শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমেদ জানান, ছুটির প্রথম তিন দিনের জন্য ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। বাকি দিনগুলোতে বুকিং আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা। তবে সড়ক ও রেল যোগাযোগের সীমাবদ্ধতা পর্যটন খাতের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 

শ্রীমঙ্গল ট্যুর অপারেটর অ্যান্ড ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আলম বলেন, ‘ছুটিকে ঘিরে বুকিং ভালো হলেও সড়ক ও রেল যোগাযোগের ভোগান্তি পর্যটন খাতের জন্য বড় বাধা।’

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন জানান, মহাসড়কের নাজুক অবস্থা এবং পর্যাপ্ত ট্রেনের টিকিট না পাওয়ায় ইচ্ছা থাকা সত্তে¡ অনেকে শ্রীমঙ্গলে আসতে পারছেন না। রাস্তায় তীব্র যানজট না হলে ভালো পর্যটক সমাগম হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

১ হাজার ২২ মণ্ডপে দুর্গোৎসব, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি : 

মৌলভীবাজারের সাত উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে এবার ১ হাজার ১৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে। 

গত ৪ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন,  জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাশসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, বিশেষ নজরদারি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফক ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত নজরদারি  জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

তৌহিদুজ্জামান পাভেল বলেন, দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানি বন্ধ রাখা এবং প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থানেওয়া হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।

সীমান্তে বিজিবির ২২ প্লাটুন : 

দুর্গোৎসব ঘিরে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ সতর্কতা জারি করেছে বিজিবি। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী ১০৯টি মণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। 

অন্যদিকে, ৫২ বিজিবির আওতাধীন বড়লেখা ও জুড়ী উপজেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১০ প্লাটুন বিজিবি সদস্য। 

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মইন হাসান বলেন, ‘সীমান্তসংলগ্ন মণ্ডপগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড, নাশকতা, অবৈধ পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘শ্রীমঙ্গল সেক্টরের সীমান্তরেখার আট কিলোমিটারের মধ্যে ৮৫টি এবং ব্যাটালিয়ন সদরসংলগ্ন তিন কিলোমিটার এলাকার ২৪টি মণ্ডপসহ মোট ১০৯টি মণ্ডপকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে ‘শারদীয় সুরক্ষা’ নামের ডিজিটাল অ্যাপ ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিজিবির স্ট্রাইকিং ফোর্স।’
 
৫২ বিজিবির অধিনায়কলেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, ‘বড়লেখা ও জুড়ীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দিনে-রাতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হবে।’

বদুল্লাহ আল মইন হাসান ও আতাউর রহমান সুজন স্ব স্ব এলাকার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন এবং যেকোনো নাশকতা বা চোরাচালান প্রতিরোধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন।

পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ নজর :

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশও প্রস্তুতি নিয়েছে। ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘পর্যটনকেন্দ্রগুলোতে আগত পর্যটক ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তাসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় তারা সতর্ক রয়েছেন।’

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলার ওপর জোর দেওয়া হয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ছুটিতে মুখর মৌলভীবাজার   মণ্ডপে দুর্গোৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close