সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) তিনি এ কথা জানান।
তরিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে হত্যাকারীদের ধরার জন্য চেষ্টা করছি। ইতোমধ্যে কিছু তথ্য আমরা পেয়েছি । হয়তো খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে পারবো।’
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালে পাঠানো হলে দুপুরে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।
লুৎফুজ্জামানের স্ত্রী অনিন্দিতা সংমা বলেন, ‘রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করব।’
তরিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মামলার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালানো হবে।’
নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন। তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে লুৎফুজ্জামান তেলনজিয়া গ্রামে তার শ্বশুরবাড়ির পাশে দোকানে চা খেয়ে বের হচ্ছিলেন। এ সময় দুই যুবক এসে তার ওপর পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে যুবকেরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেকে/এমএ