রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে নিজের ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি ক্লাবের নির্মাণাধীন একটি ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।
ঘটনার বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সকালে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান মোশাররফ হোসেন। তিনি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার ইচ্ছা প্রকাশ করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/সাশ