পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পর নবম শ্রেণির এক ছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী মোছা. মিম খাতুনকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিম পাবনার ফরিদপুর উপজেলার রতনপুর দক্ষিণপাড়া গ্রামের মো. আসাদুল সরদার ও মোছা. রোজিনা খাতুনের মেয়ে। সম্প্রতি সে নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির পর বিষয়টি তদন্তে নামে পুলিশ। ফরিদপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মিমের অবস্থান শনাক্ত করে। পরে নরসিংদীর রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
এসআই আরিফুল ইসলাম জানান, নিখোঁজের জিডি পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ছাত্রীর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ছাত্রীকে পরিবারের জিম্মায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। তাকে উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
কেকে/সাশ