শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে মৌলভীবাজারে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান জেলার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম।
ডিআইজি মৌলভীবাজার সদর উপজেলার আবাহন, ত্রিনয়নী, মহেশ্বরী ও কেন্দ্রীয় কালীবাড়ি পূজামণ্ডপ এবং রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাঁও দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং হিন্দু ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
একই সঙ্গে সবাইকে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
জাহাঙ্গীর হোসেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘উৎসবের আনন্দ নির্বিঘ্ন করতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা, অতিরিক্ত এসপি (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী প্রমুখ।
কেকে/এমএ