‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’— প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে র্যালি, যুব সমাবেশ, ঋণের চেক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা যুব ভবনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলম।
জেলা যুব কার্যালয়ের কম্পিউটার ট্রেডের প্রশিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান শেখ, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর একেএম লতিফুল বারী, সফল আত্মকর্মী জয়নুল আবেদীন, সফল যুব সংগঠক আব্দুল মোমিন, প্রশিক্ষনার্থী ইনজামামুল হক ও মারিয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, ‘শুধু চাকরির পিছনে না ছুটে দক্ষতা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। বতর্মান সময়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য অনেক সুযোগ রয়েছে। যার অন্যতম উদাহরণ হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব কার্যালয়ের বিভিন্ন ট্রেড থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা যায়।’
অনুষ্ঠানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেয়া দুইজন ও যুব ভবনের কম্পিউটার ট্রেড থেকে প্রশিক্ষণ নেয়া দুইজনকে সনদ পত্র এবং ৮০ হাজার করে চার যুবককে ৩ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলম জানান, গরু মোটাতাজা করণ ও গাভী পালনে এই ঋণ প্রদান করা হয়।
উপ-পরিচালক দিলগীর বলেন, ‘এবারই প্রথম যুব দিবস ঘিরে সাত দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী কর্মসূচিতে।
এছাড়া যুব ভবন প্রাঙ্গণে চারটি স্টলে সফল চার উদ্যোক্তার পণ্য উপস্থাপন করা হয়। এতে জলঢাকা উপজেলার একটি ও সৈয়দপুর উপজেলার তিনটি স্টল রয়েছে।
কেকে/এআই