‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য (অব.) প্রধান শিক্ষক আব্দুল মজিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল ফজল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এএসএম পারভেজ রনি সরকার, নারী উদ্যোক্তা আম্বিয়া খাতুন, তারুণ্যের আলো যুব সমাজ প্রতিনিধি ফুয়াদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন তরুণ-তরুণীর মধ্যে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপন করা হয়। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কেকে/এআই