রক্ষণভাগের চোট-সমস্যা কাটাতে ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে দলে নেওয়ার কথা ভাবছে বার্সেলোনা। আগামী জানুয়ারির দলবদলে তাকে পাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে কাতালান ক্লাবটি। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে বড় অঙ্কের অর্থ খরচ করতে রাজি নয় তারা। লিসান্দ্রোকে পেতে হলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে ছাড়ার নিশ্চয়তা চায় বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-র বরাতে এ তথ্য জানিয়েছে গোল ডটকম। প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার সম্ভাব্য খেলোয়াড় তালিকায় রয়েছেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন সেন্টারব্যাক। তার পরিস্থিতির ওপর নজর রাখছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক ডেকো।
লিসান্দ্রোকে দলে নেওয়ার পথে বড় বাধা বার্সেলোনার আর্থিক সংকট। গত গ্রীষ্মের দলবদলে একাধিক খেলোয়াড় যুক্ত করার পর জানুয়ারিতে বড় অঙ্কের অর্থ ব্যয়ের সুযোগ সীমিত ক্লাবটির। এ পরিস্থিতিতে নতুন কাউকে কিনতে হলে বর্তমান দলের কোনো খেলোয়াড়কে বিক্রি করার প্রয়োজন হতে পারে।
ক্লাবটির কোষাধ্যক্ষ ফেরান অলিভে সম্প্রতি এক অনুষ্ঠানে আর্থিক অবস্থার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, বার্সেলোনার হাতে কিছু উদ্বৃত্ত অর্থ থাকলেও তা মাত্র ৩০-৪০ লাখ ইউরো। নতুন খেলোয়াড় আনতে হলে কাউকে বিক্রি করতে হবে বলেও স্পষ্ট করেন তিনি।
অন্যদিকে, রক্ষণভাগের একাধিক খেলোয়াড় চোটে পড়ায় নতুন ডিফেন্ডার খোঁজা বার্সেলোনার জন্য জরুরি হয়ে উঠেছে। মৌসুমের শুরুতে চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন এরিক গার্সিয়া, জুলস কুন্দে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও হাভি এসপার্ত। এতে কোচ হান্সি ফ্লিককে রক্ষণভাগ সাজাতে বেগ পেতে হচ্ছে। তাই অভিজ্ঞ একজন সেন্টারব্যাককে দলে যুক্ত করার সুযোগ খুঁজছে ক্লাবটি।
লিসান্দ্রোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। তবে চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে ইংলিশ ক্লাবটির হাতে। জানুয়ারিতে তাকে বিক্রি করতে পারলে ইউনাইটেডও আর্থিকভাবে লাভবান হতে পারে। অন্যদিকে, বার্সেলোনার সামনে কম খরচে অভিজ্ঞ বাঁ পায়ের সেন্টারব্যাক পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
তবে এ বিষয়ে এখনও দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তির খবর পাওয়া যায়নি। মাঠের পারফরম্যান্সেও সময়টা ভালো যাচ্ছে না ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলের কাছাকাছি রয়েছে দলটি। এর মধ্যে চেলসির বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লিসান্দ্রোকে। ওই ম্যাচে পরাজয়ও এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।
কেকে/এআই