রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনের সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ আহত হননি।
মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনের সড়কের ইউটার্নে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ইউটার্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে একই দিন বিকেলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ হতাহত হননি।
এদিকে, রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পাপন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর তার শরীরে আগুন ধরে যায়। এতে শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
কেকে/সাশ