ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। এক আদেশে চতুর্থ শ্রেণির ৫৬ কর্মচারীকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। দীর্ঘদিন একই জায়গায় দায়িত্ব পালন এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার (২ নভেম্বর) জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে জারি করা আদেশে দপ্তরি, অফিস সহায়ক ও প্রসেস সার্ভার পদে কর্মরত এসব কর্মচারীকে বদলি করা হয়।
বদলি হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন ৬ জন দপ্তরি, ২৬ জন অফিস সহায়ক ও ২৪ জন প্রসেস সার্ভার। আদেশ অনুযায়ী, তাঁদের আগামী ৮ নভেম্বর পূর্বাহ্নে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বদলি হওয়া কয়েকজন কর্মচারী একই কর্মস্থলে টানা ৮ থেকে ১৬ বছর দায়িত্ব পালন করেছেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত বা প্রমাণের তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে প্রভাববলয় বা সিন্ডিকেট গড়ে ওঠার আশঙ্কা থাকে। এ ধরনের পরিস্থিতি এড়াতে কর্মস্থল পরিবর্তন প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
বদলি আদেশে স্বাক্ষর করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রাশেদুল হক সজীব। তিনি বলেন, দুই বছর ধরে তিনি এখানে দায়িত্ব পালন করছেন। এই সময়ে এটিই সবচেয়ে বড় বদলির আদেশ। প্রয়োজনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, বদলি হওয়া কর্মচারীদের অনেকে এখানে পাঁচ থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন। তাদের বদলানো প্রয়োজন ছিল।
জেলা প্রশাসনের আরেক দায়িত্বশীল কর্মকর্তা জানান, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার ফলে কোনো অনিয়ম কিংবা প্রভাববলয় তৈরি হয়েছে কি না, তা বিবেচনায় নেওয়া জরুরি। প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের প্রভাববলয় ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এ রদবদলকে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহি বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কেকে/সাশ