সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিং তোপে শুরুতেই বিপাকে পড়েছে সফরকারীরা। ব্র্যান্ডন কিং ও কাভেম হজকে ফিরিয়ে উইকেট শিকারের সূচনা করেন দুই পেসার। পরে জশুয়া ডা সিলভাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। তবে ইনিংসের শুরুতেই তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ব্র্যান্ডন কিং। ১৮ বলে ৯ রান করেন তিনি। ইনিংসে দুটি চার মারেন এই ব্যাটার।
তাসকিনের ভেতরের দিকে ঢোকা বলটি মিডউইকেটের দিকে খেলতে চেয়েছিলেন কিং। কিন্তু বলের গতিপথ বুঝতে না পেরে ভারসাম্য হারান তিনি। এর মধ্যেই বল আঘাত হানে স্টাম্পে। শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া তাসকিনের কাছ থেকে এমন শুরুই প্রত্যাশা করছিল বাংলাদেশ।
এরপর উইন্ডিজ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন হাসান মাহমুদ। তাঁর বলে বোল্ড হয়ে ফেরেন কাভেম হজ। ১০ বল মোকাবিলা করে মাত্র ১ রান করেন এই ব্যাটার। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু প্রায় ১৩১ কিলোমিটার গতির হাসানের ডেলিভারিটি সোজা গিয়ে আঘাত করে মিডল স্টাম্পে।
দলে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তাসকিন আহমেদ। এবার তাঁর শিকারে পরিণত হয়েছেন জশুয়া ডা সিলভা। দুর্দান্ত বোলিংয়ে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই পেসার। এটি তাসকিনের দ্বিতীয় উইকেট।
পুরো সময়জুড়েই নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করে ক্যারিবীয় ব্যাটারদের চাপে রেখেছেন তাসকিন। ধারাবাহিক সেই বোলিংয়েরই পুরস্কার পেয়েছেন তিনি। দুই পেসারের আক্রমণে শুরুতেই ছন্দ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং।
এদিকে এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। মুমিনুল হক কনকাশনের কারণে খেলতে পারছেন না। অন্যদিকে শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। তাইজুল ইসলামও একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন।
অন্যদিকে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। তাদের পরিবর্তে দলে এসেছেন জশুয়া ডা সিলভা ও অভিষেকের অপেক্ষায় থাকা কেভিন উইকহ্যাম।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিলেট টেস্ট জিতলেই সিরিজ নিজেদের করে নেবে ক্যারিবীয়রা। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকে ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ। তাই সিলেটে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচানোর পাশাপাশি সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জও রয়েছে স্বাগতিকদের সামনে।
প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ আপডেট —ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯ ওভারে ২৮/৩
কেকে/সাশ