গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টা ৪০ মিনিটে প্রতিষ্ঠানটির ৪১টি সিলিন্ডারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত সাড়ে ৯টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, দুর্ঘটনায় দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ বছর বয়সী আব্দুল্লাহর শরীরের ২০ শতাংশ, ১৯ বছর বয়সী আহাদের ৫৫ শতাংশ, ২৬ বছর বয়সী আশরাফুলের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সী নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, আব্দুল্লাহ ও আহাদকে হাসপাতালের এমএইচডিইউতে রাখা হয়েছে। নাঈম রয়েছেন জরুরি বিভাগে পর্যবেক্ষণে। শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হওয়ায় আহাদের অবস্থা আশঙ্কাজনক।
কেকে/সাশ