মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) ডা. সিনথিয়া তাসমিন কর্তৃক শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজ পত্রিকার মৌলভীবাজারের স্টাফ রিপোর্টার এহসান বিন মুজাহির (মো. এহসানুল হক)-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা- হয়রানি মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে কলেজ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি ইসমাইল মাহমুদ, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কাওছার ইকবাল, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবুজার বাবলা, আরপি নিউজ ডটকমের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, বাংলাদেশ প্রতিক্ষণের বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এ রব, দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, আমাদের কণ্ঠের প্রতিনিধি মো. শাকের আহম্মেদ, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান আলম, দৈনিক উত্তর-পূর্বকোণের প্রতিনিধি মামুন আহমেদ, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ, দৈনিক অর্থনীতির কাগজের প্রতিনিধি মো. ইমরান হোসেন, দৈনিক জৈন্তাপুর বার্তার প্রতিনিধি মো. রবি উদ্দিন এবং দৈনিক দেশ চিত্রের প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্বের অংশ। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ এবং পেশাগত দায়িত্ব পালনে ভীতি সৃষ্টির অপচেষ্টা বলে তারা মনে করেন।
তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জনস্বার্থে তথ্য প্রকাশের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জনস্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সংকুচিত হলে সাধারণ মানুষের জানার অধিকার ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি, চাপ কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক এহসানুল হকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং আইনগত প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের মাধ্যমে মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ। স্মারকলিপির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, মৌলভীবাজার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি :
স্মারকলিপিতে শ্রীমঙ্গল প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে পাঁচটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
১. সাংবাদিক এহসানুল হকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।
২. সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি, চাপ কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
৩. শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বদলিকৃত সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমের দায়িত্ব পালনকালীন সময়ে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
৪. সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনগত প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৫. জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, দৈনিক খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা এবং সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।
এসব সংবাদ প্রকাশের জেরে গত ২৫ অক্টোবর সাংবাদিক এহসানুল হক (এহসান বিন মুজাহির), সাংবাদিক মনজু বিজয় চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মৌলভীবাজার সিআইডিকে দায়িত্ব দিয়েছেন আদালত।
এ ঘটনায় শ্রীমঙ্গলের সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কেকে/ এমএস