শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
খেলাধুলা
‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:১০ পিএম আপডেট: ০৬.১১.২০২৬ ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি জার্সি, অসংখ্য স্মৃতি, হাজারো উল্লাস আর রেকর্ডের পর রেকর্ড। পর্তুগালের ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে যে গল্পের শুরু হয়েছিল, তার সমাপ্তি টানলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন পর্তুগিজ এই মহাতারকা। ২৩ বছরের দীর্ঘ পথচলার শেষে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে লেখা চিঠি পড়ে নিজের সিদ্ধান্তের কথা জানান রোনালদো। বিদায়ের বার্তায় উঠে আসে তার প্রিয় ৭ নম্বর জার্সির প্রসঙ্গও। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’

এই ২৩ বছরে রোনালদো কেবল একজন ফুটবলার হয়ে থাকেননি; হয়ে উঠেছেন পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি। গোল, রেকর্ড, নেতৃত্ব আর অদম্য জয়ের ক্ষুধায় জাতীয় দলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। পর্তুগালের হয়ে ২৩২ ম্যাচে করেছেন ১৪৬ গোল। ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের মধ্য দিয়ে দেশকে প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক শিরোপা এনে দেওয়ার ইতিহাসও তাঁর ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায়।

তবে রোনালদোর বিদায় ঘোষণার পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু অস্বস্তিকর ঘটনাও। পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের পর গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দলের ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি, বদলি হিসেবেও মাঠে নামানো হয়নি। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও রোনালদো চলে যান ড্রেসিংরুমে।

পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষেও একাদশে সুযোগ না পাওয়ার আশঙ্কায় কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই ফরোয়ার্ড। পরে অভিযোগ করেন, কোচ জেসুস তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখেননি। যদিও নিজের এমন আচরণ ঠিক হয়নি বলে পরবর্তী সময়ে স্বীকার করেন তিনি। এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানাও করে।

সব মিলিয়ে বিদায়ের মুহূর্তটি তাই শুধু আবেগের নয়, কিছুটা বিতর্কেরও। তবে মাঠের অর্জন দিয়ে সেই বিতর্ককে ছাপিয়ে যাওয়ার মতো এক বর্ণাঢ্য ক্যারিয়ার রেখে গেলেন রোনালদো।

২৩২ নয়, পর্তুগালের হয়ে তার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ২৩৪। গোল ১৪৬টি। ইউরো ২০১৬ জয়ের পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে নেশনস লিগের শিরোপাও জিতেছেন তিনি। ছয়টি বিশ্বকাপে গোল করার বিরল কীর্তিও রয়েছে তার।

ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাবেন রোনালদো। কিন্তু পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না সেই চিরচেনা ৭ নম্বরকে। যে জার্সি একসময় হয়ে উঠেছিল একটি দেশের ফুটবলীয় আবেগের প্রতীক, সেটিই এবার তুলে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের হাতে।

একটি অধ্যায়ের শেষ হলো, কিন্তু ৭ নম্বরের গল্প থেকে যাবে ফুটবল ইতিহাসে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রোনালদো   পর্তুগাল   ফুটবল   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close