বিনির্দেশবহির্ভূতভাবে রাসায়নিক সার মজুত ও পরিবহনের অভিযোগে রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১৭ বস্তা সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কনক কুমার দত্ত নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তা ও তারাগঞ্জ থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে জব্দ করা সারের মধ্যে রয়েছে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি সার। জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।
সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইনে কনক কুমার দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার থানাপাড়া এলাকার শ্রী কৃষ্ণ কুমার দত্তের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম মেনে নেওয়া হবে না। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এসএমএম