রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে নতুন করে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, আবুধাবিতে আলোচনায় অংশ নিতে যাওয়া রুশ প্রতিনিধিদলের সদস্যদের তিনি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।
তাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ভ্লাদিমির মেদিনস্কি, ইগর কোস্তিউকভ, ইউরি উশাকভ, মিখাইল গালুজিন ও সের্গেই রিয়াবকভ উপস্থিত ছিলেন। রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাতে পুতিন বলেন, মঙ্গলবার আলোচনা শুরু হওয়ার কথা থাকায় তিনি সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই দিন ধরে চলবে এই আলোচনা। ক্রেমলিনও আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছিলেন, আলোচনায় নিরাপত্তার নিশ্চয়তা, উত্তেজনা প্রশমন, মানবিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কেকে/সাশ