শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
দুই বছরের জন্য কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির হলেন আজিজুল হক
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। ২০২৭-২৮ সেশনের জন্য আগামী দুই বছরের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। এর মধ্য দিয়ে জেলা জামায়াতের নতুন নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি। 

শুক্রবার (৬ নভেম্বর) জেলা শহরের নগুয়া এলাকার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। তিনি নবনির্বাচিত জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হককে শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত নেতারা তাকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

সমাবেশে সদ্য বিদায়ী জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, সাবেক জেলা আমির মাওলানা তৈয়বুজ্জামান, সাবেক নায়েবে আমির অধ্যাপক মোছাদ্দেক ভূঞা, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ জেলা মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন। 

দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর কিশোরগঞ্জে অনুষ্ঠিত জেলা রুকন সম্মেলনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের মাধ্যমে জেলা আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সংগঠনের রুকনদের ভোটে আমির নির্বাচনের পর গত ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হককে কিশোরগঞ্জ জেলা জামায়াতের নবনির্বাচিত আমির হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 

শুক্রবার দায়িত্বশীল সমাবেশে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলা জামায়াতের সর্বশেষ কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।   

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বলেন, নতুন আমিরের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলা সংগঠনের নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। জেলা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

নবনির্বাচিত জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা নিয়ে সংগঠনের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের চেষ্টা করব। প্রতিটি পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের সঙ্গে সমন্বয় করে কিশোরগঞ্জ জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব।’

সদ্য বিদায়ী জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘দীর্ঘদিন সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে সবার সহযোগিতা পেয়েছি। দায়িত্বের পরিবর্তন সাংগঠনিক প্রক্রিয়ারই অংশ। নতুন আমিরের নেতৃত্বে জেলা জামায়াত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি। সংগঠনের বৃহত্তর স্বার্থে আমরা সবাই তার পাশে থাকব।’ 

প্রধান অতিথি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামীর দায়িত্ব একটি আমানত। এ দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, যোগ্যতা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিচয় দিতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।’   

উল্লেখ্য, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বর্তমানে কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।


কেকে/ এসএসএন 


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   জেলা জামায়াতের আমির   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close