শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
শিক্ষা
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার অনুমোদন দিবে বিশ্বব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শিখনফল বাড়াতে বাংলাদেশকে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এ কর্মসূচির আওতায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দেশের প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে।

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দেয়। ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাকসিলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে শিশুদের শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা করা হবে। পাশাপাশি সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও অর্থায়নটি সহায়ক হবে।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হলেও শিক্ষার গুণগত মান এখনো বড় চ্যালেঞ্জ। ১০ বছর বয়সী প্রায় ৫০ শতাংশ শিশু বয়সোপযোগী একটি সাধারণ লেখা পড়ে তা বুঝতে পারে না। উচ্চ-মধ্যম আয়ের দেশ মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ এবং ব্রাজিলে ৪৭ শতাংশ।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম কর্মশক্তি গড়ে তোলার অন্যতম ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। গত দুই দশকে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রায় সব শিশুর বিদ্যালয়ে প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তা করেছে। নতুন অর্থায়নের মাধ্যমে শিশুদের শেখার মান উন্নয়ন এবং বিদ্যালয়ে ধরে রাখার ক্ষেত্রে সহায়তা করা হবে। এর ফলে ভবিষ্যতে তাদের ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরির ভিত্তি শক্তিশালী হবে।

বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশে সরকারি বিদ্যালয়, এনজিও পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা মিলিয়ে ২ কোটির বেশি শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। বিশ্বের অন্যতম বৃহৎ এ প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মৌলিক সাক্ষরতা ও গণনাদক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি চালু করা হবে। এর আওতায় শিক্ষকদের জন্য পাঠদান উপকরণ, কাঠামোবদ্ধ পাঠ পরিকল্পনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ শতাংশের প্রধান শিক্ষকদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে বিদ্যালয় পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ ও কর্মসূচিটির দলনেতা তাসমিনা রহমান বলেন, উন্নত কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ক্ষেত্রে শিক্ষার মৌলিক ভিত্তি শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যাতে পিছিয়ে না পড়ে, সে জন্য পিছিয়ে থাকা শিক্ষার্থীদের বিশেষ সহায়তা ও পুনরুদ্ধারমূলক শিক্ষা দেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোতে।

তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের দক্ষতা ও বিদ্যালয়ের নেতৃত্বের মান বাড়ানো, বাজেটের জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করা এবং সিদ্ধান্ত গ্রহণে তথ্য-উপাত্তের ব্যবহার জোরদার করা হবে।

কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তাঁরা শ্রেণিকক্ষে আরও কার্যকরভাবে শিশুদের পড়া, লেখা ও গণিত শেখাতে পারেন। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে শিশুদের শিক্ষাজীবনের শুরুতেই শক্ত ভিত্তি তৈরি এবং বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্বব্যাংকের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ লাখ ৪৩ হাজার অতিরিক্ত ও উন্নত বেতনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ অর্থায়ন দেওয়া হচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের স্বল্প আয়ের দেশগুলোর সহায়তাকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মাধ্যমে। ঋণটির মেয়াদ ২৫ বছর। এর মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা রেয়াতকাল রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন   অনুমোদন   বিশ্বব্যাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close