সংঘাত ও প্রতিহিংসা নয়, শান্তি-সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও সাধারণ মানুষ তাদের ভোট দিয়েছেন এলাকার শান্তি, উন্নয়ন ও ভালো থাকার প্রত্যাশায়। জনগণের সেই প্রত্যাশা পূরণ করাই তাঁদের প্রধান লক্ষ্য।
চরাঞ্চলের জমি দখল ও ভুয়া দলিলের মাধ্যমে হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সব সমস্যার সমাধান প্রশাসন কিংবা আদালতের মাধ্যমে সম্ভব নয়; রাজনৈতিক ও সামাজিক নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, অপপ্রচার ও বিভ্রান্তি এড়িয়ে পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে। শুধু বক্তব্য নয়, এলাকার উন্নয়নে বাস্তব কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হবে।
সভায় উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্যসচিব শামিম খান, ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার, সদস্যসচিব সালাহ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
কেকে/ এসএমএন