রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ। মিয়ানমার সরকারের পাশাপাশি রাখাইনের নিয়ন্ত্রণকারী শক্তি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে ঢাকা। চীন, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোকেও সম্পৃক্ত করার চেষ্টা চলছে। তবে এসব উদ্যোগের মধ্যেও সহসাই রোহিঙ্গা সংকটের সমাধান হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, রাখাইনের পরিবর্তিত রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি এবং রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় প্রত্যাবাসনের পথ আরও কঠিন হয়ে উঠেছে।
গতকাল রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্যেও উঠে এসেছে সংকটের গভীরতা। তিনি বলেছেন, ‘প্রথাগত কূটনৈতিক তৎপরতা দিয়ে রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। রাখাইনের বর্তমান রাজনৈতিক ও ভূখণ্ডগত বাস্তবতায় মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় নিয়ন্ত্রক শক্তি আরাকান আর্মির সঙ্গেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখতে হচ্ছে বাংলাদেশকে। চীন, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোকে যুক্ত করার তৎপরতাও চলছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যই স্পষ্ট করে দিচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশকে এখন আগের কূটনৈতিক কাঠামোর বাইরে গিয়ে নতুন বাস্তবতার সঙ্গে সমন্বয় করতে হচ্ছে। অর্থাৎ মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় যে সমাধান এতদিন মেলেনি, বর্তমান পরিস্থিতিতে তা আরও বহুমাত্রিক ও জটিল হয়ে উঠেছে।
বারবার উদ্যোগ, ফেরেনি একজনও
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে গত কয়েক দশকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিকবার সমঝোতা হয়েছে। কিন্তু টেকসই ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়নি। ১৯৭৮ সালে দুই দেশের চুক্তির পর বিপুলসংখ্যক রোহিঙ্গা মিয়ানমারে ফিরে গেলেও সেই প্রত্যাবাসন নিয়ে জবরদস্তি ও মানবিক বিপর্যয়ের অভিযোগ রয়েছে। ১৯৯০-এর দশকেও নতুন করে প্রত্যাবাসন চুক্তি ও জাতিসংঘের সম্পৃক্ততায় উদ্যোগ নেওয়া হয়। ১৯৯২ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২ লাখ ৩৬ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর তথ্য বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে এসব প্রত্যাবাসনের প্রক্রিয়া ও স্বেচ্ছাসম্মতি নিয়ে গুরুতর প্রশ্ন ছিল।
২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর নতুন করে সংকটের সূত্রপাত হয়। ওই বছর থেকে দুই দেশের মধ্যে প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু হলেও বাস্তবে তার কোনো অগ্রগতি হয়নি। ২০১৮ সালের ১৫ নভেম্বর প্রথম দফায় ২ হাজার ২৬০ জন এবং ২০১৯ সালের ২২ আগস্ট দ্বিতীয় দফায় ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু রোহিঙ্গারা নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও নিজ ভিটায় ফিরে যাওয়ার নিশ্চয়তা না পাওয়ায় কেউই স্বেচ্ছায় ফিরতে রাজি হননি। ফলে দুটি উদ্যোগই ব্যর্থ হয়।
পরবর্তী সময়ে ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি প্রত্যাবাসনের সম্ভাবনাকে আরও সংকুচিত করে। ২০২২ সালে জান্তা সরকারের সঙ্গে বাংলাদেশ আবারও প্রত্যাবাসন আলোচনা শুরু করে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় পাইলট প্রকল্পের আওতায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য যাচাই-বাছাই ও সাক্ষাৎকারও নেওয়া হয়েছিল। কিন্তু রাখাইনে নিরাপদ পরিবেশের অভাব, রোহিঙ্গাদের আপত্তি এবং নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় সেই উদ্যোগও বাস্তবায়িত হয়নি।
অর্থাৎ প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা, চুক্তি, তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই—সবই হয়েছে; কিন্তু নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও বারবার সতর্ক করে বলেছে, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের কাঠামোগত পরিবর্তন এবং নাগরিকত্বের নিশ্চয়তা ছাড়া তাদের ফেরত পাঠানোর উদ্যোগ টেকসই হবে না।
রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে নতুন সংকট
রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে রাখাইনের পরিবর্তিত সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির দীর্ঘ সংঘাতের মধ্যে রাখাইনের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে শুধু মিয়ানমারের কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করলেই কার্যকর সমাধান পাওয়া কঠিন।
আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণেও বলা হচ্ছে, রাখাইনের যেসব এলাকা থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছিলেন, সেগুলোর বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন। ফলে প্রত্যাবাসন কার্যকর করতে হলে এই সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ও ভূমিকা বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক নিয়োগ এবং নিরাপত্তাহীনতার অভিযোগও রয়েছে।
এদিকে চলতি বছরের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো তালিকার ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয় বলেও জানিয়েছে তারা। অর্থাৎ যাচাই-বাছাইয়ে অগ্রগতি হলেও কবে নাগাদ রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
কমছে আন্তর্জাতিক মনোযোগ, বাড়ছে বাংলাদেশের চাপ
রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও অর্থায়ন ধরে রাখাও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন যুদ্ধ, সংঘাত ও শরণার্থী সংকট তৈরি হওয়ায় রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অগ্রাধিকার তালিকায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জাতিসংঘের ২০২৬ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা অনুযায়ী, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীসহ প্রায় ১৬ লাখ মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ৭১০ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রয়োজন। অথচ আন্তর্জাতিক সহায়তার ঘাটতি দিন দিন বাড়ছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, আশ্রয় ও অন্যান্য মৌলিক সেবায় অর্থায়নের সংকট দেখা দেওয়ায় ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির অবনতির আশঙ্কাও তৈরি হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ, স্থানীয় জনগোষ্ঠীর ওপর অর্থনৈতিক ও সামাজিক চাপ, মাদক ও মানবপাচার, ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে সংকটটি এখন শুধু মানবিক বা শরণার্থী সমস্যা নয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে গেছে।
নতুন কৌশলেও দ্রুত সমাধানের নিশ্চয়তা নেই
রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় রাজনৈতিক ঐকমত্য গঠন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে সমন্বিত কৌশল গ্রহণের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সংকটটি কেবল মানবিক সমস্যা নয়, এটি মূলত একটি গভীর রাজনৈতিক ইস্যু। তাই এর সমাধানে জাতীয় ঐকমত্য, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও সর্বস্তরের সম্পৃক্ততা অপরিহার্য। এ লক্ষ্যে সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে জাতীয় কৌশল প্রণয়ন কমিটি কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে পর্যাপ্ত তহবিলের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ, রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নতুন কূটনৈতিক উদ্যোগ সংকট সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এর মাধ্যমে দ্রুত প্রত্যাবাসন শুরু হবে, এমন নিশ্চয়তা নেই। কারণ, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের সমাধান, রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর চাপ— কোনোটিই এখনো নিশ্চিত নয়।
তারা বলেন, সবচেয়ে বড় কথা, রোহিঙ্গাদের ফেরত যাওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। ফলে নতুন কূটনৈতিক তৎপরতা ও জাতীয় কৌশল প্রণয়নের উদ্যোগ সত্ত্বেও এই সংকট দ্রুত সমাধানের চেয়ে দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই বেশি।
কেকে/সাশ