সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
পোশাকশিল্প ঘিরে আবারও অস্থিরতার ছক আ.লীগের
রবিউল ইসলাম
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:২৯ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:৩১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ডিসেম্বরকে সামনে রেখে কমপক্ষে ছয়টি হটস্পট ঘিরে নাশকতার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুর, নারায়ণগঞ্জের ফতুল্লা, সাভার, আশুলিয়া ও রাজধানীর মিরপুর, উত্তরাকে কেন্দ্র করে এ সহিংসতার ছক সাজানো হয়েছে। এছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে নাশকতার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে সামনে রেখে ব্যাপক সহিংসতা করছে আওয়ামী লীগপন্থি শতাধিক কারখানার মালিক ও তাদের দোসররা। গত শুক্রবার একদিনেই ঢাকায় অন্তত আটটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় মাঠে লোক নামাতে ব্যাপক অর্থ ব্যয় করা হয়েছে।

জানা গেছে, একজন ব্যক্তিকে শ্রমিক সাজিয়ে মাঠে নামাতে ৫০০ টাকা ও অগ্নিসংযোগের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়। কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগের এ ধরনের ষড়যন্ত্রের বিষয়টি বেরিয়ে এসেছে। সবশেষ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময়ে ছয় জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায়ও তিনজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের তৎপরতা বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারকে আরও বেশি সতর্ক হতে হবে। গোয়েন্দা ততপরতা বাড়াতে হবে। শ্রমিকদেরও দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না।

পোশাকশিল্পে ফের অস্থিরতা সৃষ্টির চেষ্টা 

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন স্থিমিত হয়ে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছিল। এর মধ্যেই এ খাতে নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে এ চেষ্টা সফল হয়নি। গতকাল রোববার বিকালে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় একদল শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপও করেন তারা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের সাতটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

মজুরি বৃদ্ধির দাবিতে সম্প্রতি টানা কয়েক দিন গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বহু কারখানায় উৎপাদন ব্যাহত হয়। পরে সরকার মজুরি বোর্ড গঠন এবং নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের সিদ্ধান্ত জানালে মালিক ও শ্রমিকপক্ষের সম্মতির ভিত্তিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। এদিন সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। ৫ নভেম্বর থেকে অক্টোবর মাসের বেতন পরিশোধও শুরু হয়েছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আশা প্রকাশ করেছেন, রোববারের মধ্যেই অধিকাংশ কারখানায় বেতন পরিশোধ সম্পন্ন হবে। শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী থানার নয়াপাড়া এলাকার মন্ডল গ্রুপের মুনটেক্স ফেব্রিকস লিমিটেডের শ্রমিকেরা কাজে যোগ দেন। দুপুরের খাবারের বিরতির পর তারা আর কাজে ফেরেননি। মজুরি বৃদ্ধির দাবিতে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে জরুন এলাকার দিকে আসেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি বিবেচনায় মন্ডল গ্রুপের কয়েকটি কারখানাসহ আশপাশের সাতটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের বুঝিয়ে কাজে যোগ দেওয়া অথবা বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। 

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেলা ৩টার দিকে মন্ডল গ্রুপের  কয়েকজন শ্রমিক একই দাবিতে জরুন মোড়ের দিকে আসেন। এ সময় তারা ছয় থেকে সাতটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেন।

পরিস্থিতির কারণে সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ওই সাতটি ছাড়া গাজীপুরের অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনাবাড়ী, জরুন ও কাশিমপুরসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মিরপুর, উত্তরাকে কেন্দ্র করে সহিংসতার ছক

বিভিন্ন আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মতো নাশকতার চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় জড়ানোর অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের অনেকেই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসে এই আন্দোলনে যুক্ত হন।

কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  পোশাকশিল্প   অস্থিরতা   আ.লীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close