সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে জামিন পাওয়ার পরদিনই কারাগারে হাজতির মৃত্যু
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম
মৃত রনজিত ঘোষ। ছবি: প্রতিনিধি

মৃত রনজিত ঘোষ। ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগের দিন রোববার তার জামিন হয়েছিল। সোমবারই কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তার। কিন্তু মুক্তির আগেই মৃত্যুর খবর পৌঁছায় স্বজনদের কাছে।

নিহত রনজিত ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার মৃত জিতেন্দ্র ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। 

জানা গেছে, রনজিত ঘোষের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলতি বছরের জুন মাসে এবং অপরটি আগস্ট মাসে দায়ের করা হয়।

কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্বজনদের অভিযোগ, রনজিত ঘোষের শারীরিক অসুস্থতার বিষয়টি আগে থেকেই জানা ছিল। শুধু পরিবারের পক্ষ থেকেই নয়, আদালতের মাধ্যমেও তার অসুস্থতার বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এমনকি তাকে আদালতে হাজির করা নিয়েও শারীরিক অসুস্থতার কারণে আপত্তির কথা জানানো হয়।

স্বজনদের দাবি, অসুস্থতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তাদের অভিযোগ, কারাগারে অবস্থানকালে তার শারীরিক অবস্থার যথাযথ মূল্যায়ন ও চিকিৎসা নিশ্চিত করা হয়নি। এ কারণে মৃত্যুর ঘটনায় তারা নিরপেক্ষ তদন্ত চান।

নিহতের ভাগিনা মৃণাল কান্তি ঘোষ জানান, রোববার (৮ নভেম্বর) রনজিত ঘোষের জামিন হয়। সোমবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। কিন্তু মুক্তির পরিবর্তে তারা পান তার মৃত্যুর খবর।

মৃণাল কান্তি ঘোষ বলেন, ‘গতকাল রোববার তার জামিন হয়েছে। আজকে কারাগার থেকে বের হওয়ার কথা ছিল। আমরা সুনামগঞ্জে ছিলাম। সেখান থেকে শুনেছি, সাড়ে ১১টার দিকে তিনি কারাগারে মারা গেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এগারোটার দিকে।’

তিনি আরও বলেন, ‘রনজিত ঘোষের শারীরিক অবস্থা ভালো ছিল না। এ বিষয়ে আদালত থেকে কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। গতকাল বিজ্ঞ বিচারক চিঠিতে জানিয়েছিলেন, তিনি খুব অসুস্থ, তাকে আনা যাবে না। আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছিল। বিচারক তাকে জামিনও দিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। হাসপাতালের চিকিৎসকও তাকে দেখেননি।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম বলেন, প্রথমে অসুস্থ হওয়ার পর রনজিত ঘোষকে কারাগারের ভেতরে থাকা কারা হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

স্বজনদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পরিবারগুলো সাধারণত এ ধরনের অভিযোগ করে থাকে। তবে রনজিত ঘোষ শুরু থেকেই কারাগারের ভেতরের হাসপাতালে ভর্তি ছিলেন। তার চিকিৎসায় কোনো ঘাটতি বা অবহেলা করা হয়নি। চিকিৎসায় অবহেলার অভিযোগ সত্য নয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close