‘মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান’—এমন আকুতি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনার আউলিয়ার হাট এলাকার অসুস্থ হাফিজুল ইসলামের। জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ও কর্মক্ষমতা হারিয়ে এখন মানবেতর জীবন কাটছে তার। একসময় ভ্যান চালিয়ে যে মানুষটি স্ত্রী-সন্তানের মুখে খাবার তুলে দিতেন, সেই হাফিজুল এখন নিজের চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের জন্য অন্যের সহযোগিতার মুখাপেক্ষী।
৪০ বছর বয়সী হাফিজুল ইসলাম ওই এলাকার একটি অসচ্ছল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। বাবা-মাকে হারানোর পর স্ত্রী নাজমা বেগম, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ছোট্ট একটি ঘরে তার সংসার। ভ্যান চালিয়ে কষ্টের উপার্জনে মেয়েদের বিয়েও দিয়েছেন। কিন্তু ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় আক্রান্ত হওয়ার পর থেকেই বদলে গেছে তার জীবনের চিত্র। চিকিৎসার পেছনে জমানো সব অর্থ ব্যয় করে এখন প্রায় নিঃস্ব তিনি।
অর্থসংকটে একদিকে যেমন বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা, অন্যদিকে থেমে গেছে সন্তানের পড়াশোনাও। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন অটোভ্যানটি বিক্রি করতে হয়েছে চিকিৎসার খরচ জোগাতে। বর্তমানে কাজ করার সামর্থ্য নেই, নেই উপার্জনের কোনো পথ। ফলে পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে। অনেক সময় অনাহার-অর্ধাহারে দিন কাটছে তাদের।
শুধু আর্থিক সংকটই নয়, বসবাসের ঘরটির অবস্থাও অত্যন্ত নাজুক। ছিদ্রযুক্ত টিনের চাল ও ভাঙা বেড়ার ঘরটি শিলাবৃষ্টিতে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। চালের বিভিন্ন স্থানে ছিদ্র হওয়ায় বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। বাধ্য হয়ে পলিথিন দিয়ে ছাউনি তৈরি করে স্ত্রী-সন্তানদের নিয়ে রাত কাটাতে হয় হাফিজুলকে।
প্রতিবেশী জুয়েল ও শাহাজান জানান, স্থানীয়ভাবে তারা হাফিজুলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ হলেও তার শারীরিক ও আর্থিক অবস্থা খুবই সংকটাপন্ন। আউলিয়ার হাট এলাকায় তার পরিবারটি সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি তারা সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
হাফিজুলের স্ত্রী নাজমা বেগম বলেন, ‘হামার একনা থাকার ঘর। শিল পরিয়া চাল ফুটা হয়া গেইছে। সরকারি-বেসরকারি কোনো সাহায্যই হামরা পাই নাই। বৃষ্টি আইলে ছওয়া-পোয়া নিয়া সারা রাইত বইসা থাকি। এভাবেই রাত কাটে।’
অসুস্থ হাফিজুল বলেন, ‘মুই এমন অভাগা, ভ্যান চালায়া যা কামাই করছিনু, সেই ভ্যানডাও বেচি চিকিৎসা করছুং। এখন আর চলার উপায় নাই। কাজ-কাম করিবার পাই না, ভ্যানও নাই। এলাকার মানুষ আর কত সাহায্য করিবে? মাঝে মধ্যে উপাসও থাকন লাগে।’
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, অসহায় হাফিজুল পরিষদে সহযোগিতার জন্য আবেদন করলে তার পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার পাঁচ ধরনের জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। হাফিজুল নিয়ম অনুযায়ী আবেদন করলে সরকারি চিকিৎসা সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এ অবস্থায় হাফিজুলের চিকিৎসা, পরিবারের ভরণপোষণ ও বসবাসের ঘরটি মেরামতের জন্য সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে হয়তো আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন হাফিজুল।
অসহায় হাফিজুলের সঙ্গে যোগাযোগ: ০১৩৪০৮১৮৮৮৪।
কেকে/ এমএস